হাফিজ রহমান : সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক বার্তার প্রতিবেদক আনিকা ইবনাত তুবা ট্রাব বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হয়েছেন।

রাজধানীর শাহবাগে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)। এতে দেশের গণমাধ্যম, ব্যবসা, করপোরেট ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ট্রাব জানায়, সাংবাদিকতা, ব্যবসা, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে সংগঠনটি সাংবাদিকতা, চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নাটক ও করপোরেটসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করে আসছে।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় আনিকা ইবনাত তুবা বলেন, “যেকোনো স্বীকৃতিই আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত ও অনুপ্রাণিত। এ স্বীকৃতির জন্য ট্রাব এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাব এর সভাপতি সালাম মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান। তিনি সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় উৎকর্ষকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ট্রাব এর ধারাবাহিক উদ্যোগের কথা তুলে ধরেন। পরে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট অতিথিরা বক্তব্য দেন এবং সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানান।
দৈনিক বার্তায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে আনিকা ইবনাত তুবা ইতোমধ্যে একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ট্রাব বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন তাঁর সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।