
হাফিজ রহমান : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬। গত ২৪ অক্টোবর কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়া। অনুষ্ঠানে সফল উদ্যোক্তা, সমাজকল্যাণ ও শিক্ষা এই তিনটি ক্যাটাগরিতে মোট ১৫ টি দেশের ৩৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা, পান সুপারির ফাউন্ডার ও সিইও কনা রেজা সাকসেসফুল ওমেন এন্ট্রারপ্রেনার হিসেবে এবং চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং মো. মহিউদ্দিন খান মঈনকে গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজসেবী এবং মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো শ্রী জুলকারনান তাইব।
অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার রাষ্ট্রদূত মান্যবর মোহাম্মদ আলী আবুকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা, ঘানার ডেপুটি হাইকমিশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার প্রফেসর মোহাম্মদ নেইল মোহাম্মদ, আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতো সোহাইমি এবং দাতো সেরি সাইদ সাইফুল জালিজম সাঈদ মোস্তাফা জামামোল্ললাইম।
এ ছাড়া পাকিস্তান, নামিবিয়া, তাজিকিস্তান, ভারত, সুদান, উগান্ডা, সুইজারল্যান্ড, ইসওয়াতিনি ও জর্ডানের হাইকমিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের বিশেষ ভূমিকায় ছিলেন ডাব্লিউডাব্লিউও এর মালয়েশিয়ার ফ্যাসিলিটিজ ডিরেক্টর মো. রমজান ও বাংলাদেশ কো-অর্ডিনেটর মোঃ জহিরুল ইসলাম খোকন।
পান সুপারির কনা রেজা ও মো. মহিউদ্দিন খান মঈন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁদের পক্ষে সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক লায়ন সালাম মাহমুদ ও হাফিজ রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য অ্যাওয়ার্ড পান বাংলাদেশের লায়ন সাইফুল ইসলাম সোহেল, মো. রায়হান পারভেজ, আলহাজ আবুল বশার আবু, মালয়েশিয়ার দাতো মোহাম্মদ ইয়াসিন আলী ও দাতো শ্রী হাজী হাসান আলী।